আইসিসি সভাপতি আ.হ.ম মোস্তফা কামালের বদলে চেয়ারম্যান এন শ্রীনিবাসন বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেয়ায় সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট বিশ্বে। এ ঘটনা নিয়ে বেশ সরব কোলকাতার পত্রিকাগুলোও। আর এটিকে দুঃখজনক বলে মনে করছেন দেশের সাবেক ক্রিকেটাররা।
প্রথা অনুযায়ী বিশ্বকাপ জয়ী দলের হাতে শিরোপা তুলে দেয়ার কথা আইসিসি সভাপতির। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী এটিই নিয়ম। এ নিয়ম ভেঙ্গে এবার চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন। যা দেয়ার কথা ছিল আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামালের।
এরপর থেকেই সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট বিশ্বে। শুরুটা হয়েছিল নাকি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকেই। তারপর স্থানীয় বিভিন্ন পত্রপত্রিকা নানা প্রতিক্রিয়া জানায়। বিশেষ করে কোলকাতার পত্রিকাগুলোও এর সমালোচনায় বেশ সরব।
মূলত বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালের আম্পায়ারিং নিয়ে মন্তব্য করায় মোস্তফা কামালের ওপর প্রতিশোধ নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সেই ম্যাচে রোহিত শর্মার আউট হওয়া বলে নো ডাকা সহ বেশ কিছু বিতর্কিত আম্পায়ারিং নিয়ে কঠোর সমালোচনা করেন মোস্তফা কামাল।
বিষয়টিকে দুঃখজনক বল মন্তব্য করেছেন দেশের সাবেক ক্রিকেটার ইশতিয়াক ও জাভেদ।
সভাপতি কেন বিশ্বকাপের ট্রফি দিতে পারেননি সে ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি আইসিসি।
এদিকে দুই/তিন দিনের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে আইসিসি সভাপতির। দেশে ফিরে আইনজীবীদের পরামর্শ নিয়ে পরবর্তী করণীয় ঠিক করবেন তিনি।