আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সভাপতি তিন মাসের জন্য হতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
বুধবার আইসিসি সভাপতির পদ থেকে আহম মুস্তফা কামালের পদত্যাগের পর বাংলাদেশের কাছে অন্তবর্তীকালীন সভাপতির নাম জানতে চেয়ে চিঠি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আহম মুস্তফা কামাল পদত্যাগ করায় নিয়ম অনুযায়ী বাকী তিন মাসের জন্য আইসিসি সভাপতি হতে পারেন বিসিবি মনোনিত ব্যক্তি। রোববারের বোর্ড মিটিংয়ে এ বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।
তবে সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, অ্যাওয়ার্ড দেয়া ছাড়া আর কোনো কাজ নেই আইসিসি সভাপতির আর এ অ্যাওয়ার্ড দেয়ার দায়িত্ব নিতে বিসিবি সভাপতির পদ ছাড়ার কোনো ইচ্ছে তার নেই।
তিনি আরো বলেন, নভেম্বরে বাংলাদেশের সঙ্গে চার জাতির সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।