ঢাকার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও জয় টাইগারদের। পাকিস্তানের দেয়া ২৪০ রানের টার্গেটে ব্যাট করে জয়ের মুখ দেখলো বাংলাদেশ।
ওপেনার তামিম ইকবালের অপরাজিত ১১৬ রানের সুবাধে ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। এর আগে দলীয় ২২ রানে উইকেট কিপার সরফরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। জুনাইদ খানের বলে আউটের আগে ১১ বলে ১৭ রান করেছেন সৌম্য।
দলীয় ১০০ রানের মাথায় সাঈদ আজমলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তামিম- মাহমুদুল্লাহ জুটির ৭৮ রানের মধ্যে তামিম একাই করেন ৬১ রান। আউটের আগে ২৮ বলে ১৭ রান করেছেন মাহমুদুল্লাহ।
এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং দাপটে শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারালেও সাদ নাসিমের ৭৭ ও ওয়াহাব রিয়াজের হাফ সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৩৯ রান জমা করে পাকিস্তান।
ড্যান কেক সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতলেই টাইগাররা পাবে পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়। সে লক্ষেই মাঠে নামে মাশরাফি বাহিনী।
তবে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা মাশরাফির টস ভাগ্যটা ভাল ছিল না। সিরিজে ফিরতে মরিয়া পাকিস্তান ক্যাপ্টেন, টস জিতে সিদ্ধান্ত নেন ব্যাট করার।
টস জিতলেও পাকিস্তানের ব্যাটসম্যানরা চাপ সৃষ্টি করতে পারেনি স্বাগতিকদের ওপর। উল্টো দলীয় ৩৬ রানে, সরফরাজ আহমেদকে প্যাভিলিয়নে পাঠিয়ে ব্রেক থ্রু এনে দেন রুবেল হোসেন।
পরের ওভারেই আরাফাত সানি শূন্য রানে ফেরত পাঠান মোহাম্মদ হাফিজকে। বিপদজনক আজহারী আলী ব্যক্তিগত ৩৬ রানে, সাকিব আল হাসানের শিকার হন।
এরপর, ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান আউট হলে পাকিস্তানের স্কোর দাড়ায় ৫ উইকেটে ৭৭ রান। সংশয় দেখা দেয় পাকিস্তান ১৫০ পেরোতে পারবে কিনা।
খাদের কিনারা থেকে পাকিস্তান মূলত ম্যাচে ফেরে সাদ নাসিম ও ওয়াহাব রিয়াজের ব্যাটে ভর করে। সাদ নাসিম করেন ক্যারিয়ার সেরা অপরাজিত ৭৭ রান।
অন্যদিকে, ওয়ানডেতে দ্বিতীয় অর্ধশতক তুলে নেন ওয়াহাব রিয়াজ। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৩৯ রান তুলে পাকিস্তান।