উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে ১-০ গোলের এগ্রিগেটে সেমিফাইনালে উঠলো লস ব্লাঙ্কোসরা। আরেক কোয়ার্টার ফাইনালে মোনাকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইয়ুভেন্টাস। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকায় ১২ বছরে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে ইয়ুভেন্টাস।
সান্তিয়াগো বার্নাব্যুতে খেলায় প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি কোনো দলই। একাধিকবার গোলের সুযোগ নষ্ট করেন রিয়াল ও অ্যাটলেটিকোর ফরোয়ার্ডরা।
৭৬ মিনিটে সার্জিও রামোসকে ফাউল করে লাল কার্ড দেখেন অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যাটাকিং মিডফিল্ডার আর্দা তুরান। উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ দিকে স্কোরশিটে নাম লেখান ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে খেলতে আসা হ্যাভিয়ের হার্নান্দেজ চিচারিতো।
এক গোলের জয়ে সেমির টিকেট নিশ্চিত হয় হোয়াইটসদের।