খুলনা টেস্টে মোহাম্মদ হাফিজের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। বাংলাদেশের চেয়ে ২০৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা। দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৫৩৭ রান।
শেখ আবু নাসের স্টেডিয়ামে ১ উইকেটে ২২৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে পাকিস্তান। ক্রিজে নামেন আগের দিনে ১৩৭ রানে অপরাজিত থাকা মোহাম্মদ হাফিজ ও ৬৫ রানে অপরাজিত থাকা আজহার আলী।
দিনের প্রথম উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ১৩ ওভার ৫ বল পর্যন্ত। ব্যক্তিগত ৮৩ রানে আজহারকে বোল্ড করে টাইগারদের ব্রেকথ্রু এনে দেন শুভাগত হোম।
এরপর মোহাম্মদ হাফিজের সঙ্গে জুটি গড়েন অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান। দেখেশুনে খেলতে থাকেন এ দুজন। লাঞ্চের পর ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ হাফিজ।
ইউনিসকে ব্যক্তিগত ৩৩ রানে বোল্ড করে সাজঘরের পথ দেখান স্পিনার তাইজুল ইসলাম।
এরপর মিসবাহকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে ৪০০ রানের কোটা পার করান হাফিজ। তবে দলীয় ৪০২ রানে হাফিজকে আউট করেন শুভাগত হোম। ক্যারিয়ার সেরা ২২৪ রান আসে হাফিজের ব্যাট থেকে।
ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠা হাফিজকে ফেরাতে পারলেও পাকিস্তানের অন্য ব্যাটসম্যানদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। অর্ধশতক তুলে নেন পাকিস্তানের তিন ব্যাটসম্যান মিসবাহ উল হক, আসাদ শফিক ও সরফরাজ আহমেদ।
ব্যক্তিগত ৫৯ রানে তাইজুল ইসলাম মিসবাহ উল হকের ইনিংস থামিয়ে দিলেও ৫১ রান করে অপরাজিত আছেন আসাদ শফিক ও সরফরাজ আহমেদ।
৫ উইকেটে ৫৩৭ রানের বড় সংগ্রহ নিয়ে তৃতীয় দিনের সমাপ্তি ঘটায় পাকিস্তান।