বক্সিং রিঙে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন রাখলেন মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার। বক্সিংয়ের ইতিহাসে সবচেয়ে দামী লড়াইয়ে ওয়ার্ল্ড ওয়েল্টার ওয়েট চ্যাম্পিয়নশিপে ফিলিপিনো ম্যানি প্যাকিয়াওকে হারিয়ে শিরোপা জিতলেন তিনি।
যুক্তরাষ্ট্রের এমজিএম গ্র্যান্ড স্ট্যান্ড অ্যারেনায় ১২ রাউন্ডের পরই এসেছে মেওয়েদার-প্যাকিয়াওয়ের লড়াইয়ের ফল। রিঙে মেওয়েদার ছিলেন দুর্দান্ত। ম্যানি প্যাকিয়াও তার ক্যারিয়ারের সেরা লড়াইয়ে চেষ্টার কমতি করেন নি। তবে ফিলিপিনো বক্সারকে সাবলীল দক্ষতায় সামলেছেন বিশ্বের অন্যতম ধনী অ্যাথলেট মেওয়েদার। করেছেন সুযোগের সদ্ব্যবহার।
তবে ম্যানি প্যাকিয়াওকে কাবু করতে পারেন নি তিনি। শেষ পর্যন্ত বিচারকদের সিদ্ধান্তে জয়ী হন মেওয়েদার। যেখানে ১১৮-১১০, ১১৬-১১২ ও ১১৬-১১২ পয়েন্ট পেয়ে প্যাকিয়াওকে হারান মার্কিন এ বক্সার। এ নিয়ে ৪৮ বার রিঙে নেমে ৪৮ বারই অপরাজিত থাকার রেকর্ড করেছেন ফ্লয়েড মেওয়েদার।