চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়েও শেষ রক্ষা হলো না জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। অ্যাগ্রিগেটে পিছিয়ে থাকায় টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনাল থেকে বাদ পড়েছে তারা।
এদিকে, তিন বছর পর ইউরোপের সেরা টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বার্সেলোনা।
প্রথম লেগে ৩-০ গোলের জয়ে এগিয়েই ছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগের শুরুতেই রাকিটিচের শট ফিরিয়ে দিয়ে বার্সেলোনার নির্ভার হয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে দেন বায়ার্ন গোলকীপার ম্যানুয়েল নয়্যার।
৭ মিনিটে বাভারিয়ান ডিফেন্ডার মেহদি বেনাতিয়ার গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। ১৫ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন নেইমার। ২৯ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড করেন দ্বিতীয় গোল।
বিরতির পর রবার্ট লেভানডোস্কি ও টমাস মুলারের গোলে ম্যাচে চলে আসে উত্তেজনা। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচ জিতলেও ৫-৩ অ্যাগ্রিগেটে পিছিয়ে থাকায় ছিটকে যায় বায়ার্ন মিউনিখ।
অন্যদিকে, ২০১১ সালের পর আবারও ফাইনাল নিশ্চিত হয় বার্সেলোনার।