ব্যাটিং পাওয়ার প্লে বাতিল এবং সব ধরনের নো বলেই ফ্রি হিটসহ ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে বেশ কিছু নিয়মে পরিবর্তন আনার সুপারিশ করেছে আইসিসির ক্রিকেট কমিটি। মঙ্গলবার মুম্বাইয়ে আইসিসির দুই দিনের বৈঠক শেষে এসব সুপারিশ করা হয়।
ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনার দাবিকে আমলে নিয়েই পরিবর্তনের সুপারিশগুলো করেছে ক্রিকেট কমিটি। এতে সীমিত ওভারের ম্যাচে ব্যাটিং পাওয়ার প্লে বাতিল, সব ধরনের নো বলেই ফ্রি হিটের পাশাপাশি প্রথম ১০ ওভারে ১৫ গজ বৃত্তে দুজন ফিল্ডার রাখার নিয়ম বাতিল করার সুপারিশ করা হয়েছে।
এছাড়া ৩০ গজ বৃত্তের বাইরে প্রথম ১০ ওভারে ২ জন, ১১ থেকে ৪০ ওভারে ৪ জন ও শেষ ১০ ওভারে ৫ জন করে ফিল্ডার রাখার সুপারিশ করেছে কমিটি।
তবে, সভায় ৪ দিনের টেস্ট ক্রিকেটের প্রস্তাব গৃহীত হয়নি। আইসিসির মুখ্য নির্বাহী কমিটি প্রস্তাবগুলো অনুমোদন করলে সুপারিশগুলো আইনে রুপ নেবে।