ভারত সফরকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার সকালে কোচ কাছে রিপোর্ট করেন প্রাথমিক স্কোয়াডে থাকা সদস্যরা। প্রথম দিনে হালকা জিম ও ফিটনেস টেস্ট করেন টাইগাররা।
ট্রেইনার মারিও ভিল্লাভারায়েন জানালেন, ক্রিকেটারদের ফিটনেসে কোন সমস্যা নেই।
আগামী মাসের ৭ তারিখে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত। টিম ইন্ডিয়ার বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করলো জাতীয় ক্রিকেট দল।
মারিও ভিল্লাভারায়েন বলেন, ‘আজ শুধু ফিটনেস টেস্ট এবং হালকা জিম করানো হয়েছে। ক্রিকেটারদের ফিটনেস ঠিক আছে। খেলোয়াড়দের মনোভাবে ইতিবাচক পরিবর্তন এসেছে। তারা গেলো বছর অনেক পরিশ্রম করেছে। সামনেও সেটা ধরে রাখতে হবে।’
মুশফিকুর রহিম ও তামিম ইকবালের ইনজুরি তেমন মাথাব্যাথার কারণ হবে না— উল্লেখ করে ভিল্লাভারায়েন বলেন, ‘মুশফিকুর রহিমের ইনজুরি ফিজিও পর্যবেক্ষণ করছেন আর তামিমের অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। দিন দিন তার অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান তিনি।’
বিসিএল লঙ্গার ভার্সন ক্রিকেট, ভারতের বিপক্ষে টেস্টের প্রস্তুতির জন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মনে করেন শ্রীলঙ্কান এই ট্রেইনার।