ভারতের বিপক্ষে আসন্ন হোম সিরিজটি বাংলাদেশ দলের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়। ভারতীয় দলে যেই খেলুক না কেন, এ নিয়ে মোটেও চিন্তিত নয় টাইগাররা বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের পারফর্মেন্সের ধারবাহিকতা ধরে রাখতে পারলে এ সিরিজও জেতা সম্ভব বলে মনে করেন বিজয়।
আগামী ১০ জুন থেকে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ দল। তবে অনুশীলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার মাঠে ছিলেন না মাশরাফি, মুশফিক, সাকিবদের মতো অনেক সিনিয়র ক্রিকেটাররা। বিসিবি একাডেমী মাঠে, নিজেদের ঝালিয়ে নিয়েছেন পেসার শফিউল, রুবেল, তাসকিনরা। একইসঙ্গে ব্যাট হাতে মাঠে ছিলেন মাহমুদুল্লাহ, মমিনুল হক, সৌম্য-বিজয়রা।
পরে, বিজয় সাংবাদিকদের বলেন, ভারতের বিপক্ষে হোম সিরিজ নিয়ে দল বাড়তি কোন চাপে নেই। শুধু তাই নয়, বিশ্বকাপে দূর্দান্ত ফরম ও পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে পারলে এ সিরিজও জেতা সম্ভব বলে মনে করেন তিনি।
বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় ডান হাতে চোট পান এনামুল। এরপর জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। খেলতে পারেন নি পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও। তবে এবার বিসিএলের পারফর্মেন্স দিয়ে দলের ফেরার কথা জানালেন বিজয়।
এদিকে, জাতীয় দলের পাশাপাশি, নারী দল, অনুর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের জার্সির স্পন্সর পেয়েছে বেসরকারি টেলিকমিউকেশন প্রতিষ্ঠান রবি। বিকেলে বিসিবি'র মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।