জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। জিম্বাবুয়ের দেয়া ২৬৮ রান ১৬ বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা। ছয় উইকেটের জয় পাওয়া এ ম্যাচটিতে ম্যান অব দা ম্যাচ হয়েছেন পাকিস্তানি অধিনায়ক আজহার আলী।
সিকান্দার রাজার অপরাজিত ১০০ রান ও ওপেনার চিভাবার ৯৯ রান, ভাল স্কোর গড়তে সাহায্য করে জিম্বাবুয়েকে। এ দুই ব্যাটসম্যান ছাড়া সফরকারী দলের ব্যাটসম্যানরা খাবি খেয়েছেন পাকিস্তানি বোলারদের সামলাতে। ৫০ ওভার শেষে সাত উইকেটে ২৬৮ রান তোলে জিম্বাবুয়ে।
পাকিস্তানের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, ২৬৯ রানের টার্গেটকে মামুলি বানিয়ে ফেলেন পাকিস্তানি ওপেনার আজহার আলী।
ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে দলকে এনে দেন জয়। মিডল অর্ডারে তাকে দুর্দান্ত সঙ্গ দেন হারিস সোহেল অপরাজিত ৫২ রানে।