ভারতের বিপক্ষে সিরিজ জিততে হলে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ আরো শক্তিশালী করতে হবে—জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার রাজধানীর মিরপুর স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এছাড়া আসন্ন সিরিজে, মুশফিকের জায়গায় উইকেট কিপিংয়ে নতুন কাউকে দেখা যেতে পারে বলেও জানান বোর্ড সভাপতি। দুপুরে জাতীয় ক্রিকেট দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি, টেস্ট অধিনায়ক মুশফিক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ ও রুবেল হোসেন রবি'র লোগো সম্বলিত জার্সি পরে তা উন্মোচন করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রিকেট বোর্ড সভাপতি।
তিনি বলেন , ভারতের বিপক্ষে ম্যাচ জিততে ব্যাটিং বিভাগে ভালো করতে হবে বাংলাদেশ দলকে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে প্রথম টেস্টে আঙ্গুলে চোট পান উইকেট কিপার মুশফিকুর রহিম। এরপরই তার কিপিং নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। অধিনায়কত্ব, না হয় উইকেট কিপিং, যে কোনো একটি ছাড়তে হবে তাকে এমন আভাসই পাওয়া যাচ্ছিল বোর্ড থেকে।
এ বিষয়ে বোর্ড সভাপতি জানান, ভারতের বিপক্ষে সিরিজে উইকেট কিপিংয়ে পরিবর্তন আসতে পারে দলে।
সেইসঙ্গে, জাতীয় নারী দলের পাকিস্তান সফরে বিষয়ে বোর্ড সভাপতি জানান, পাকিস্তান বোর্ড সফরসূচি নিশ্চিত করলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি।
জাতীয় দলের স্পনসর টেলি-কমিউনিকেশন প্রতিষ্ঠান রবি এ অনুষ্ঠানের আয়োজন করে।