চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার বার্লিনে মাঠে নামছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ও স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১২ টা ৪৫ মিনিটে বার্লিনে শুরু হবে এ ম্যাচ। জুভেন্টাসের সামনে প্রথমবার ট্রেবল জয়ের মিশন।
এদিকে ইতিহাসের প্রথম দল হিসেবে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বপ্ন হাতছানি দিচ্ছে বার্সাকে।
এবারের ফাইনালে জয়ী দলটি অর্জন করবে ট্রেবল জয়ের কৃতিত্ব। বার্সেলোনা সেটা এর আগে করে দেখিয়েছে সাবেক কোচ পেপ গার্দিওলার অধীনে। তবে ইয়ুভেন্তাসের সামনে প্রথমবার এ কৃতিত্ব অর্জনের সুযোগ থাকলেও হাইভোল্টেজ ম্যাচটিতে তারা পাচ্ছে না তাদের নির্ভরযোগ্য সেন্টার ব্যাক জর্জিও কিয়েল্লিনিকে।
এদিকে, বার্সা শিবিরে নেই কোনো ইনজুরি সমস্যা। বার্সা ট্রায়ো মেসি-নেইমার-সুয়ারেজ মিলে এ মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় করেছেন রেকর্ড ১২০ গোল। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ ইয়ুভেন্তাসের লিজেন্ড গোলকিপার জিয়ানলুইজি বুফন ও মিডফিল্ডার আন্দ্রে পিরলোর সামনে। অন্যদিকে এ ম্যাচটি দিয়েই বার্সেলোনা ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে জাভি হার্নান্দেজের।