মাঠে গড়ালো ফিফা নারী বিশ্বকাপ ২০১৫। এটি নারী ফুটবল বিশ্বকাপের সপ্তম আসর। উদ্বোধনী ম্যাচে, গ্রুপ এ-তে চীনকে ১-০ গোলে হারিয়ে, শুভ সূচনা করেছে স্বাগতিক কানাডা। একই গ্রুপে দিনের অন্য ম্যাচে, নিউজিল্যান্ডকে একই ব্যবধানে হারিয়ে, বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম গোলের দেখা পেয়েছে নেদারল্যান্ডস।
এডমন্টের কমনওয়েলথ স্টেডিয়ামে, গোলশূণ্য ড্র হতে যাওয়া ম্যাচের ইনজুরি টাইমে গোল করে, কানাডার জয় নিশ্চিত করেন ক্রিস্টিন সিনক্লেয়ার। ২২৪টি আন্তর্জাতিক ম্যাচে, ১৫৪টি গোল করেছেন এই কানাডিয়ান স্ট্রাইকার। প্রায় ৫৩ হাজার দর্শক ম্যাচটি স্টেডিয়ামে বসে দেখেন। দর্শকের হিসেবে এটি কানাডার ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড।
এ-গ্রুপের অন্য ম্যাচে, লিক মার্টিন্সের গোলে, নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। এবারের টুর্নামেন্টটি এখন পর্যন্ত নারী বিশ্বকাপের সবচেয়ে বড় আসর। প্রায় মাসখানেকের লড়াই শেষে, ৫ জুলাই ভ্যানকুভারে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।