বৃষ্টিবিঘ্নিত ফতুল্লা টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে রয়েছে ভারত। ৫৬ ওভার ব্যাট করে, বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। শিখর ধাওয়ান ১৫০ ও মুরালি বিজয় অপরাজিত আছেন ৮৯ রানে।
এদিকে, এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের ৭৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে লিটন কুমার দাসের।
৫ বছর পর ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামা বাংলাদেশের জন্য ফতুল্লার ব্যাটিং উইকেটে বড় ফ্যাক্টর ছিল টস। সেখানেই এক পা এগিয়ে যান ভিরাট কোহলি। টস জিতে স্বাগতিকদের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের ফ্ল্যাট পিচে, ঝড়ো সুচনা করেন শিখর ধাওয়ান। ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে, অর্ধশতক তুলে নেন এই ভারতীয় ওপেনার। আর অন্যপ্রান্তে আগলে রাখেন আরেক ওপেনার মুরালি বিজয়।
তবে বৃষ্টিতে বাঁধা পড়ে খেলায়। লাঞ্চ বিরতির ২৫ মিনিট আগে মাঠ ছাড়তে হয় সবাইকে। স্কোর বোর্ডে তখন রান ২৩ ওভার ৩ বলে বিনা উইকেটে ১০৭।
খেলা আবার মাঠে গড়ায় বিকেল সাড়ে তিনটায়। ঠিক যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই আবার শুরু করেন বিজয়- ধাওয়ান জুটি। মুরালি বিজয় অর্ধশত ও ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন শিখর ধাওয়ান। অবশ্য ৭৩ রানের মাথায় একবার জীবন পেয়েছিলেন তিনি।
একমাত্র পেসার মোহাম্মদ শহীদ ও চার স্পিনার নিয়ে সারাদিনে ভারতের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৫৬ ওভারে বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে দিন শেষ করে টিম ইন্ডিয়া।
এদিকে, আঙুলে চোট থাকায় মুশফিকের পরিবর্তে উইকেট কিপিং করেছেন নতুন অভিষেক হওয়া লিটন কুমার।