ফিফা নারী বিশ্বকাপে ‘ই’ গ্রুপের ম্যাচে সুপারস্টার মার্তার রেকর্ড গোলে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে লাতিন আমেরিকার দেশটি।
বিশ্বকাপের মঞ্চে নিজের পনেরোতম গোল করে জার্মান সুপারস্টার ব্রিজিত প্রিঞ্জকে টপকে সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন মার্তা। এদিকে, ‘এফ’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স।
মন্ট্রিলের অলিম্পিক স্টেডিয়ামে অভিজ্ঞ ফরমিগার গোলে লিড পায় ব্রাজিল। কিছুক্ষণের মধ্যেই কোরিয়ানদের ভুলে পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান সুপার-স্ট্রাইকার মার্তা।
সেইসঙ্গে জার্মান কিংবদন্তী ব্রিজিত প্রিঞ্জকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও হন তিনি। ৯৩ ম্যাচে এটি মার্তার ৯২তম গোল। ‘ই’ গ্রুপের অন্য ম্যাচে কোস্টারিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্পেন।
এদিকে, ‘এফ’ গ্রুপের ম্যাচে ফ্রান্সের ইউজিনি লে সোমারের গোলে ১-০ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। গ্রুপের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে কলম্বিয়া ও মেক্সিকো।