ফিফা রাশিয়া বিশ্বকাপ ২০১৮ ও এএফসি এশিয়ান কাপ ২০১৯র বাছাইপর্ব শুরু হচ্ছে আগামীকাল থেকে। উদ্বোধনী দিনে নিজেদের প্রথম হোম ম্যাচে কিরগিজস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের আগে বাংলাদেশের কোচ লোডউইক ডি ক্রুইফ জানালেন, শতভাগ উজাড় করেই খেলবে স্বাগতিকরা।
এদিকে, কিরগিজ কোচ অ্যালেকজ্যান্ডার ক্রেস্টিনিন জানালেন, ঘরের মাঠে খেলা হওয়ায় হোম অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ।
ম্যাচকে সামনে রেখে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মাঠে শেষ মুহুর্তের প্রস্তুতি সেরে নিয়েছেন লোডউইক ডি ক্রুইফেরে শিষ্যরা। ইনজুরির কারণে কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াডে থাকছেন না জাহিদ ওয়াহেদ ও রিয়াসসাতরা। তাদের অনুপস্থিতি জয়ের পথে বাধা হতে পারে বলে মনে করেন ডি ক্রুইফ।
তিনি বলেন, ‘আমাদের দলে গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় ইনজুরিতে রয়েছে। যার প্রভাব ম্যাচেও পড়বে। আর কিরগিজস্তানের খেলোয়াড়দের বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই ওদের বিপক্ষে লড়াইটা সহজ হবে না।’
ফিফা র্যা ঙ্কিংয়ে ১৫৩ নম্বরে কিরগিজিস্তান। বাছাইপর্বের ম্যাচের আগে শেষ ১০ মাসে কোন প্রস্তুতি ম্যাচ খেলেনি তারা। বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না বলে মনে করেন কিরগিজ কোচ অ্যালেকজ্যান্ডার ক্রেস্টিনিন।
কিরগিজ এ কোচ বলেন, ‘বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে সহজভাবে নিচ্ছি না আমরা। ঘরের মাঠে খেলা বলে হোম অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ। ম্যাচটি আমাদের জন্য কঠিন হবে।’
রাশিয়া বিশ্বকাপ ২০১৮ ও এএফসি এশিয়ান কাপ ২০১৯ এর বাছাইপর্ব। একইসঙ্গে দুটি টুর্নামেন্টের জন্য বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের সামনে। যেখানে তাদের প্রতিপক্ষ কিরগিস্তান। যাদের বিপক্ষে পরিসংখ্যানটা সুখকর নয় বাংলাদেশের জন্য। শেষ দুবারের দেখায় জয় পায়নি স্বাগতিকরা। ২০০৭ সালে নেহেরু কাপে ৩-০ গোলে হারের পর ২০০৮ সালে এএফসি বাছাই পর্বের ম্যাচে ২-১ গোলে হারে বাংলাদেশ।