আরো একটি নতুন মাইলফলক স্পর্শ করলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার সাকিব আল হাসান। ফতুল্লা টেস্টের তৃতীয় দিনে শিখর ধাওয়ানকে আউট করে প্রথম বাংলাদেশি হিসেবে ঘরের মাটিতে ১০০তম উইকেট নিয়েছেন তিনি। এদিকে, আরেকটি রেকর্ডের হাতছানিও এখন সাকিবের সামনে। মাত্র ৪টি উইকেট পেলেই গড়ে ফেলবেন প্রথম বাংলাদেশি হিসেবে ১৫০ উইকেট নেয়ার রেকর্ডও।
ঘরের মাঠে ১০০তম উইকেট, শিখর ধাওয়ানকে নিজের বলেই তালুবন্দী করে আরো একটি রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। দেশের মাটিতে ১০০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার এখন তিনি। ঘরের মাঠে ২৮ টেস্ট খেলে ১০৩ উইকেট ঝুলিতে পুরেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
টাইগারদের ব্রেক থ্রু এনে দেয়ার পাশাপাশি সাকিব জানিয়ে দিলেন যে, আরো অনেক নতুন রেকর্ড গড়া বাকি আছে তার।
ধাওয়ানের উইকেট নিয়েই থেমে থাকেননি সাকিব। অফস্পিনের জাদুতে রোহিত শর্মা, মুরালি বিজয় ও আজিঙ্কিয়া রাহানেকে আউট করে ফতুল্লা টেস্টের তৃতীয় দিনে ৪ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি।
আর একটি উইকেট পেলেই পনেরো বারের মতো এক ইনিংসে ৫ উইকেট নেবেন সাকিব। বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সবচেয়ে বেশি চৌদ্দবার ৫ উইকেট নেয়ার রেকর্ডও সাকিবের।
এক ইনিংসে ৭বার পাঁচ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন মোহাম্মদ রফিক।
১০৫ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে ফতুল্লা টেস্টে এখন পর্যন্ত টাইগারদের সবচেয়ে সফল বোলার সাকিব।
২০০৭ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাদা পোশাকে অভিষেক হয় তার। সেই থেকে ১৪৬ টেস্ট উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীর জায়গাটি নিজ দখলেই রেখেছেন সাকিব।
১০০ উইকেট নিয়ে মোহাম্মদ রফিক দ্বিতীয় আর ৭৮ উইকেট নিয়ে মাশরাফি বিন মতুর্জা আছেন তৃতীয় স্থানে।