তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃহস্পতিবার বিকেল ৩টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর, ওয়ানডেতে দুই দলের আর দেখা হয়নি। ম্যাচের আগের দিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, নিজেদের শেষ বারের মতো ঝালিয়ে নিয়েছে দুই দল।
সিরিজ জেতার লক্ষ্য ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। আর ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বিশ্বকাপের পর বাংলাদেশ-ভারতের এটি প্রথম ওয়ানডে মোকাবেলা। সফরকারী হলেও পূর্ণ শক্তির টিম ইন্ডিয়ার কাছে অনেকটাই পিছিয়ে টাইগাররা। তার ওপর টেস্টের হতাশা ভর করার কোনো কারণ নেই ওয়ানডেতে। কারণ প্রতিটি ম্যাচের জন্যই রয়েছে রিজার্ভ ডে। সব মিলিয়ে নির্ভার ধোনী বাহিনী ম্যাচের আগের দিন নিজেদের প্রস্তুত করে নিয়েছে শেষ বারের মতো।
পরিসংখ্যানেও ঢের এগিয়ে ভারত। দুই দলের ওয়ানডের ২৯ বারের মোকাবেলায় ২৫টিতে জিতেছে তারা। বাংলাদেশ জয় পেয়েছে ৩টিতে। আর একটি ম্যাচ ছিল অমীমাংসিত।
তবে বাংলাদেশ ভারত প্রসঙ্গ আসলেই চলে আসে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের কথা। ওই ম্যাচে আম্পায়ারদের কিছু বিতর্কিত সিদ্ধান্তে, সমালোচনার ঝড় বয়ে যায় ক্রিকেট বিশ্বে। তবে সেসব যেন বেমালুম ভুলে গেছেন ভারত কাপ্তান মহেন্দ্র সিং ধোনী।
মহেন্দ্র সিং ধোনি বলেন, জেতার লক্ষ্যেই এসেছেন তারা।
এদিকে, বাংলাদেশের জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। তিন ম্যাচের একটি জিতলেই ওডিআই র্যাং কিংয়ে এক ধাপ এগিয়ে ৭ এ উঠে যাবে টাইগাররা। সেক্ষেত্রে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা আরো দৃঢ় হবে তাদের। তবে ভারতের কাছে হোয়াইট ওয়াশ হলে বাংলাদেশ নেমে যাবে ৯ এ। ভেস্তে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা।
অবশ্য টাইগারদের আত্মবিশ্বাসের পালে হাওয়া দিচ্ছে তাদের সাম্প্রতিক পারফরমেন্স। সবশেষ ১৪ ওয়ানডের ১১টি তেই জয় পেয়েছে তারা। আছে পাকিস্তানকে বাংলাওয়াশ করার টাটকা অভিজ্ঞতাও।
তবে এই মুহুর্তে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।