বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরে ভারতকে ৭৯ রানে হারালো টাইগাররা। বাংলাদেশের পেসারদের তোপের মুখে ৩০৮ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ২২৮ রানেই গুটিয়ে যায় ভারতের ব্যাটিং লাইনআপ।
অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাঁহাতি সিমার মুস্তাফিজুর রহমান। এ জয়ে ৩ ম্যাচ সিরিজে টাইগাররা এগিয়ে গেলো ১-০ তে। এদিকে এ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ওডিআই র্যাং কিংয়ে সপ্তম স্থানে উঠলো বাংলাদেশ।
অবশেষে ভারতবধ। দুর্দান্ত বোলিংয়ে চুরমার হলো টিম ইন্ডিয়ার ব্যাটিং। চার পেসার কৌশল কাজে লাগিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের প্রতিশোধ টাইগারদের। বাংলাদেশের জয় ৭৯ রানে।
টস জিতে ব্যাট করতে নেমে বিধ্বংসী শুরুতেই বড় স্কোর গড়ার ইঙ্গিত ছিল তামিম-সৌম্যের ব্যাটে। শতরানের জুটিতে ভারতের বিপক্ষে সেরা ওপেনিং পার্টনারশিপ গড়েন দুই টাইগার ওপেনার। ফিফটি করেন দুজনেই। ৪০ বলে ৫৪ রান করে সৌম্য রানআউট হলে ভাঙে তাদের ১০২ রানের জুটি।
সৌম্যের আউটের পর দ্রুত বিদায় নেন তামিম, লিটন ও মুশফিক। ১৪ ওভারে বিনা উইকেটে ১০২ রান থেকে চুয়াল্লিশ রান যোগ হতে না হতেই ১৪৬ রানে টপ অর্ডারের চার উইকেটের পতন ঘটে।
এ অবস্থা থেকে ঘুরে সাকিব-সাব্বিরের ব্যাটে আবারো ম্যাচে ফেরে বাংলাদেশ। পঞ্চম উইকেটে তাদের ৮৩ রানের জুটিতে টাইগাররা এগোয় বড় সংগ্রহের পথে।
৪১ রান করে সাব্বির বিদায় নেয়ার পর, আবারো রানের গতি কমে বাংলাদেশের। ৩৮ থেকে ৪৯, ১১ ওভারে বাকি ৪ উইকেট হারিয়ে টাইগাররা তোলে আরো ৭৮ রান। ৩০৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। এটি ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় সংগ্রহ এবং টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৩০০ পেরোনো প্রথম ইনিংস।
৩০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার বোলারদের মোকাবেলায় প্রথমে রীতিমত হিমশিম খেলেও পরিস্থিতি সামলে নিয়ে দুই ভারতীয় ওপেনার রোহিত ও ধাওয়ান বড় রানের জুটি গড়তে থাকেন। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা ৯৫ রানের সেই উদ্বোধনী জুটি ভেঙে টাইগারদের প্রথম ব্রেক থ্রু তাসিকনের বলে। ডেইঞ্জার ম্যান কোহলিও ফ্লপ তাসকিনের পেসে।
এরপর ৬৩ রান করা রোহিত ও ৯ রান করা রাহানের উইকেট নিয়ে টাইগারদের চালকের আসনে বসান মুস্তাফিজুর। ভারতের সংগ্রহ তখন ২৩ ওভারে ৪ উইকেটে ১১৫ রান।
ধোনিকে ফেরানোর পাশাপাশি উমেশ ইয়াদাভকে ফিরিয়ে দিয়ে ভারতের ইনিংসের ইতি টানেন সাকিব। ৪৬ ওভারে ২২৮ রানে অলআউট হয় ভারত। ৭৯ রানে জিতে টিম বাংলাদেশ। অভিষেকেই পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা বাহাতি পেসার মুস্তাফিজুর।
ঘরের মাঠে এটি টাইগারদের টানা নবম জয়।