ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচ জিতলে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। তবে বাংলাদেশের কোচ চান্দিকা হাথুরুসিংহে সমীহ করছেন প্রতিপক্ষকে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ম্যাচ জিততে হলে বাংলাদেশকে আরো ভালো খেলতে হবে। অন্যদিকে, সিরিজ বাঁচানোর ম্যাচে ভারতের ওপর কোনো বাড়তি চাপ নেই বলে মনে করছেন ব্যাটসম্যান রোহিত শর্মা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ।
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে ১-০তে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। রোববার দ্বিতীয় ওয়ানডে জিততে পারলে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।
জিম্বাবুয়ে সিরিজ থেকেই ধারাবাহিক পারফর্ম করছেন মাশরাফি, সাকিবরা। দলের সবাই অনেক আত্মবিশ্বাসী। নিয়মিত জয়ই ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করেন বাংলাদেশের কোচ, চান্দিকা হাথুরুসিংহে।
ম্যাচ জেতার ব্যাপারে আশাবাদী হলেও, প্রতিপক্ষের শক্তিমত্তার ব্যপারে দলকে স্মরণ করিয়ে দেন হাথুরু।
বাংলাদেশের কোচ চান্দিকা হাথুরুসিংহ বলেন, ‘আমরা এখন ১-০তে এগিয়ে আছি। পরের ম্যাচের জন্য অপেক্ষা করছি। আমি বলছি না যে আমরা ফেভারিট। ভারত অনেক শক্তিশালী একটি দল। তবে আমরাও আমাদের সেরাটা দিয়েই খেলবো।’
এ ম্যাচ জিততে হলে বাংলাদেশকে আরো ভালো খেলতে হবে বলে মনে করেন চান্দিকা হাথুরুসিংহ।
তিনি আরো বলেন, ‘গেলো ম্যাচ নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট নই। শেষ ম্যাচে আমরা আরো ভালো করতে পারতাম। তিন বিভাগেই আমাদের আরো উন্নতি করার সুযোগ আছে।"
এদিকে, বাংলাদেশের কাছে হেরে সামাজিক যোগাযোগ ও ভারতীয় গণমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ভারতীয় ক্রিকেট দল। তবে, সিরিজ বাঁচানোর ম্যাচে তাদের ওপর কোন চাপ নেই বলে জানালেন ব্যাটসম্যান, রোহিত শর্মা।