বাংলাদেশের বোলিং দাপটে আবারো বিপর্যস্ত ধোনি বাহিনী। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে ভারত। ৪৩.৫ ওভারে ভারতের স্কোর ১৯৬ হতেই বৃষ্টির কারণে অবশ্য বন্ধ রয়েছে খেলা।
মোস্তাফিজুরের বিধ্বংসী কাটারের শিকার হয়েছেন ভারতীয় অধিনায়ক ধোনি। টানা দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর।
অভিষেকে ৫ উইকেট তুলে নেয়া সাতক্ষীরার মুস্তাফিজের বলে কাঁপছে ভারত। এ বাঁ হাতি পেসার রোববার ধস নামিয়েছে ভারতের ব্যাটিংয়ে। টানা দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট তুলে নিয়ে নিজেকে দেশের ক্রিকেট ইতিহাসে করে ফেলেছেন অক্ষয়-অমর।
এ মুহূর্তে ৪৩ ওভারে ১৯০ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে ভারত। ২ উইকেটে ১০৯ থেকে বাকি ৮ উইকেট ভারত হারিয়েছে খুব দ্রুতই। বাংলাদেশের বোলিং তোপে রীতিমতো উড়ে গেছে ভারতের মিডল অর্ডার।
পাওয়ার প্লেতে বল করতে এসে মুস্তাফিজ পরপর দুই বলে ফিরিয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর অক্ষর প্যাটেলকে। তার আগে ফেরান সুরেশ রায়নাকে। ধোনিকে দারুণ একটা স্লোয়ারে বোকা বানান তিনি। অক্ষরকে করেন ইনকার্টারে এলবি। আজ তার উইকেট নিয়ে আকাশেই উড়লেন এ তরুণ-তুর্কি।
মুস্তাফিজের স্বপ্নের স্পেলে তৃতীয় উইকেটটি রবিচন্দ্রন অশ্বিনের। তাকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন তিনি।
দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে সাব্বির রহমানের ক্যাচে পরিণত করে ফিরিয়েছিলেন মুস্তাফিজ। এরপর দিনের নায়ক নাসির হোসেন। ভয়ংকর হয়ে ওঠা বিরাট কোহলি আর শিখর ধাওয়ানের জুটি ভাঙেন তিনি। এলবির ফাঁদে ফেলেন বিরাট কোহলিকে। তার সংগ্রহ ছিল ২৩ রান।
শিখর ধাওয়ানকেও ৫৩ রানে ফেরান ওই নাসির। নাসির আজ ১০ ওভার বল করে দিয়েছেন মাত্র ৩৩ রান। অসাধারণ বোলিংয়ে ভারতের ওপর চাপটা তৈরি করেছেন আসলে তিনিই।
আম্বাতি রাইডু ফিরেছেন রুবেলের বলে।
এ মুহূর্তে উইকেটে আছেন রবীন্দ্র জাদেজা। তিনি অবশ্য ১৯ রানে। ভারতীয় স্কোরকে সন্তোষজনক পর্যায়ে নিতে এই মুহূর্তে মূল ভরসা তিনিই।
৪৩.৫ ওভারে ভারতের স্কোর ১৯৬ হতেই বৃষ্টির কারণে অবশ্য বন্ধ রয়েছে খেলা।
এরইমধ্যে প্রথম ম্যাচে জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আজ হারলেই সিরিজ শেষ হয়ে যাবে ভারতের।
আর ম্যাচটি জিততে পারলেই ইতিহাসে প্রথমবারের মতো ভারতকে দ্বিপক্ষীয় সিরিজে হারানোর স্বাদ পাবে বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচেও চার পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান একাই নিয়েছেন পাঁচটি উইকেট। এছাড়া আরেক পেসার তাসকিন আহমেদ নিয়েছেন দুইটি উইকেট আর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিয়েছেন একটি উইকেট।
বাকি দুটি উইকেট পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ভারতীয় ব্যাটসম্যানদের এলোমেলো করে দিতে প্রস্তুত বাংলাদেশের পেসাররা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাশ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
ভারত দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, স্টুয়ার্ট বিন্নি ও মোহিত শর্মা।