ভেনিজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে 'সি' গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল।
আরেক ম্যাচে, কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে পেরু। 'সি' গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পেরু এবং তৃতীয় সেরা দল হিসেবে শেষ আটে উঠেছে কলম্বিয়া।
ভেনিজুয়েলার বিপক্ষে, নেইমারের রিপ্লেসমেন্ট রবিনিয়োর নেয়া কর্ণার কিক থেকে ভলিতে ৯ মিনিটেই ব্রাজিলকে লিড এনে দেন থিয়াগো সিলভা। বিরতির পর উইলিয়ানের ক্রস থেকে সেলেসাওদের আরো একটি গোল উপহার দেন রবার্তো ফ্রিমিনো।
ম্যাচ শেষের ৬ মিনিট আগে মিকু একটি গোল শোধ করলেও পরাজয় এড়াতে পারেনি ভেনিজুয়েলা। এর মধ্য দিয়ে 'সি' গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো কোপা
আমেরিকার ৮ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সমান খেলায় ৪ পয়েন্ট পেরু ও কলম্বিয়ার। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শেষ আটে উঠেছে পেরু।