২১শে জুন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে গৌরবোজ্জ্বল একটি দিন। কারণ এদিনই প্রথমবারের মতো ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করলো টাইগাররা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশি-বিদেশি গণমাধ্যম, সর্বত্রই চলছে টাইগার বন্দনা।
এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজে ভারতকে হারানোয় ভারতীয় সংবাদমাধ্যমসহ সর্বত্রই প্রসংশিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশি-বিদেশি গণমাধ্যমে বাংলাদেশের ভারতবধের খবর বেশ গুরুত্ব দিয়ে প্রচার করেছে। তরুণ পেসার মুস্তাফিজুর রহমানের প্রসংশায় পঞ্চমুখ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
ক্রিকইনফো, আল-জাজিরা, ক্রিকবাজের মতো আন্তর্জাতিক গণমাধ্যম গুরুত্ব দিয়ে ছেপেছে বাংলাদেশের এ ঐতিহাসিক সিরিজ জয়ের খবর। টাইগারদের ভূয়সী প্রসংশা করেছে পশ্চিমবঙ্গের সংবাদপত্রগুলো। কোনো কোনো পত্রিকার শিরোনাম, ‘সিরিজ জিতে ইতিহাস বাংলাদেশের। বয়:সন্ধি পেরিয়ে সাবালক সাকিবরা।’ ‘বাঙালির হাতে ঢাকায় নয়া ইতিহাস।’
আনন্দবাজারের শিরোনাম, ‘বাংলাওয়াশের গর্জনের সামনে বিপন্ন ব্র্যান্ড ধোনি।’
অভিষেকের পর প্রথম দুই ওয়ানডেতে ১১ উইকেট শিকার করে জাতীয় বীরে পরিণত হয়েছেন তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের বোলিং তোপেই গুড়িয়ে গেছে ভারতীয় ব্যাটিং লাইন আপ, এমনটা লিখেছে এনডিটিভি।
আর টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম, মুস্তাফিজের জাদুতেই ঐতিহাসিক সিরিজ জিতলো বাংলাদেশ।
সিরিজ জয়ের পর এবার জয়ের ব্যবধানকে ৩-০ তে নেয়ার অপেক্ষায় বাংলার টাইগাররা।