সামনে আরো একটি রেকর্ডের হাতছানি বাংলাদেশি পেসার মুস্তাফিজের। পরবর্তী ওয়ানডেতেও ৫ উইকেট শিকার করতে পারলে টানা তিন ম্যাচে ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়বেন তিনি। বর্তমানে পাকিস্তানের ওয়াকার ইউনুসের দখলে রয়েছে এ রেকর্ডটি।
১৯৯০ সালে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ম্যাচ ৫ উইকেট শিকার করেছিলেন ওয়াকার ইউনুস। রেকর্ডটি করার সময় ২৪টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা ছিলো ওয়াকারের।
আর বাংলাদেশের উদীয়মান পেসার মুস্তাফিজুর রহমান অভিষেক ম্যাচেই তুলে নেন ৫ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেট শিকার করে নাম লিখিয়েছেন রেকর্ডবুকে। মুস্তাফিজই একমাত্র বোলার যিনি ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে ১১টি উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন।
এদিকে, তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ১৩ উইকেট শিকারের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিসের। সেই রেকর্ড ভাঙ্গতে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অন্তত ৩টি উইকেট দরকার মুস্তাফিজের।