প্রথমবারের মতো ভারতের বিপক্ষে বাংলাওয়াশের হাতছানি বাংলাদেশ দলের। তা নিশ্চিত করতে কোনো ছাড় দিতে রাজি নয় টাইগাররা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানেডের আগে সংবাদ সম্মেলনে এমনটাই বলেন, টাইগার অলরাউন্ডার নাসির হোসেন।
আর মান বাঁচানোর ম্যাচ জিতে, বাংলাওয়াশের লজ্জা এড়ানোর কথা বললেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রণ অশ্বিন। বুধবার বিকেল তিনটায়, মিরপুর স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
টানা দুই ম্যাচে হেরে, সিরিজ হাতছাড়া টিম ইন্ডিয়ার। শেষ ম্যাচ মান বাচানোর লড়াই ধোনী বাহিনীর। ভারতীয় দলের অনুশীলনেও যেন প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড বিধ্বস্ত একদল দিশেহারা নাবিকের প্রতিচ্ছবি। নিউজিল্যান্ডের কাছে ৪-০'তে হারের প্রায় দেড় বছর পর, আবারো সিরিজ পরাজয়ের তিক্ত স্বাদ পেলো ধোনী বাহিনী।
সিরিজের শেষ ম্যাচের আগে মঙ্গলবার অনুশীলন সেরেছে ধোনী বাহিনী। হালকা ফিটনেস শেষে, ব্যাট-বলে শেষ প্রস্তুতি তাদের। দলে পরিবর্তনের কোন আভাস নেই। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন, স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।
তিনি বলেন, এক কঠিন সিরিজে লড়ছেন তারা। বাংলাওয়াশ এড়ানোই এখন তাদের লক্ষ্য।
ঠিক উল্টো চিত্র বাংলাদেশ শিবিরে। ভারতের জন্য শেষ ম্যাচ যেখানে মান বাঁচানোর লড়াই, সে ম্যাচটিই টাইগারদের জন্য ভারতকে বাংলাওয়াশের হাতছানি। অনুশীলনে বেশ ফুরফরে ছিল ক্যাপ্টেন মাশরাফির দল। ভারত বধের শেষ ম্যাচের, আগে নতুন ছকে আকঁছেন মাশরাফি-মোস্তাফিজ-সাকিবরা।
শেষ ম্যাচেও দলের উইনিং কম্বিনেশন, ভাঙ্গার কোন ইঙ্গিত নেই। ফলে চার পেস ব্যাটারিতেই আবারো ভারতের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেওয়ার পরিকল্পনা। মূল উইকেটের পাশে, তাই ফুল ল্যান্থে তাসকিন-রুবেলদের বোলিং।
সংবাদ সম্মেলনেও বাংলাদেশ দলের অলরাউন্ডার জানান, প্রতিপক্ষকে বাংলাওয়াশের সুযোগের দিনে, কোন ছাড় দিবে না টাইগাররা।