আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন প্রসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাস। বার্বাডোজে আইসিসির বার্ষিক সম্মেলনে তাকে এক বছরের জন্য নতুন সভাপতি নির্বাচিত করেছে আইসিসির প্যানেল।
দায়িত্ব নিয়ে জহির আব্বাস আইসিসির বোর্ড ও তাকে মনোনয়ন দেয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ৬৭ বছর বয়সী জহির আব্বাস পাকিস্তানের হয়ে ৭৮টি টেস্টে পাঁচ হাজার ৬২ রান ও ৬২ ওয়ানডেতে দুই হাজার ৫৭২ রান করেছেন।
এছাড়াও ১৪টি টেস্ট ও ১৩টি ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
প্রথম এশিয়ান ব্যাটসম্যান হিসেবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি রয়েছে তার। নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন আইসিসির বিতর্কিত চেয়ারম্যান এন শ্রীনিবাসন।
এদিকে, সভায় আইসিসির সহযোগি দেশ হিসেবে নাম কাটা গেছে ব্রুনেইয়ের। স্থগিত করা হয়েছে মরক্কো ও তুরস্কের সদস্য পদ। আর নতুন সহযোগী দেশ মনোনীত হয়েছে সার্বিয়া।