আবারো স্বপ্নভঙ্গ হলো আর্জেন্টিনার। কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে ৪-১ গোলে হেরেছে মেসিবাহিনী। আর ফাইনালে জিতে ইতিহাসে প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতল স্বাগতিক চিলি।
আবারো অন্তিম লড়াইয়ে হার আর্জেন্টিনার। ব্রাজিল বিশ্বকাপের পর, এবার কোপা আমেরিকার ফাইনালেও হারলো মেসিবাহিনী। শিরোপার খুব কাছে গিয়েও তা অধরাই রয়ে গেল। টাইব্রেকারে ৪-১ গোলে হার আলবি সেলেস্তেরা। আর আজেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো কোপা আমেরিকার ট্রফি স্বাগতিক চিলির।
সান্তিয়াগোর এস্তাদিও নাশিওনালে, নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলাও শেষ হয় গোলশূণ্যভাবে। নির্ধারিত সময়ের শেষ প্রান্তে সুযোগ পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন গঞ্জালো হিগুয়াইন।
বিশ্বকাপের ফাইনালেও দারুণ একটি সুযোগ মিস করেছিলেন হিগুয়াইন। কোপা আমেরিকার ফাইনালেও করলেন একই ভুল। টাইব্রেকারে বল পাঠালেন গোলবারের ওপর দিয়ে।
এরপর চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো, ঠেকিয়ে দেন এভার বানেগার শট।
আর পেনাল্টি শুটআউটে চারটির চারটি গোল করে কোপা আমেরিকার শিরোপা ছিনিয়ে নেয় চিলি। ৯৯ বছরের ইতিহাসে এটি চিলিয়ানদের প্রথম ট্রফি।
অন্যদিকে ২২ বছরের শিরোপাখরা আরো দীর্ঘায়িত হলো আর্জেন্টিনার। সবশেষ ১৯৯৩ সালে ইকুয়েডরে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টাইনরা।