সিরিজের তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে শুক্রবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের ধারায় ফিরতে পরিকল্পনাগুলো ঠিকমতো কাজে লাগানোর প্রত্যয় টাইগার অধিনায়ক মাশরাফির।
এদিকে, ডি ভিলিয়ার্স না থাকলেও ইমরান তাহিরের মতো অভিজ্ঞ লেগস্পিনারকে স্কোয়াডে পাওয়া সৌভাগ্যজনক বলে মন্তব্য প্রোটিয়া ওয়ানডে অধিনায়ক হাশিম আমলার।
শুক্রবার মিরপুর স্টেডিয়ামে বিকাল তিনটায় ম্যাচ শুরু হবে।
লড়াইটা এবার ওয়ানডেতে। ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে পঞ্চাশ ওভারের ম্যাচে সাফল্যের পাল্লা ভারী বাংলাদেশের। এ মৌসুমে দেশের মাটিতে জিতেছে সব কটি সিরিজ। ১১ ম্যাচের ১০টিতেই জয়। আছে পাকিস্তানের মতো দলকে বাংলাওয়াশ করার আর ভারতের বিরুদ্ধে দাপুটে সিরিজ জয়ের মধুর সাফল্যও। তাই প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়েই টাইগারদের বড় স্বপ্ন। বৃষ্টির বাগড়ায় প্রথম ম্যাচের আগে বৃহস্পতিবার অনুশীলনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে ইনডোরে। মাশরাফিরা ঘাম ঝড়ালেও বৃষ্টির কারণে অনুশীলন করেনি দক্ষিণ আফ্রিকা দল।
স্পিনবান্ধব উইকেট বানিয়ে স্বাগতিক স্পিনারদের সুবিধা দিতে গিয়ে দুই টি-টোয়েন্টিতেই, উল্টো প্রোটিয়া স্পিনে ধরাশায়ী হয়েছে টিম টাইগার্স। আবার ওয়ানডেতে স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ লেগস্পিনার ইমরান তাহির। ডি ভিলিয়ার্স না থাকলেও, তাহিরের প্রোটিয়া দলে খেলাটায় তাই নতুন চিন্তায় বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।
হাশিম আমলা বলেন, ভিলিয়ার্স দলে নেই। ডেল স্টেইনও নেই। তবে ইমরান তাহির দলে আসায় স্কোয়াড অনেকটা শক্তিশালী হয়েছে। তার মতো অভিজ্ঞ একজন লেগস্পিনার দলে থাকাটা সুবিধাজনক।
মুখোমুখি লড়াইয়ে ওয়ানডেতে একবারই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে প্রোটিয়াদের ৬৭ রানে হারিয়েছিল বাংলাদেশ। চৌদ্দবারের সাক্ষাতে সেটিই টাইগারদের প্রোটিয়াবধের একমাত্র নজির।