মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের দেয়া ১৬১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সফরকারী দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয় তুলে নেয়।
অধিনায়ক হাশিম আমলার পর প্রোটিয়াদের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ডি কক। দলীয় ১৪তম ওভারে নাসিরের প্রথম বলে কাভারে দাঁড়ানো সাব্বিরের তালুবন্দি হয়ে বিদায় নেন ৪১ বলে ৩৫ রান করা কক।
এর আগে ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা। মাশরাফি বিন মুর্তজার বলে সাজঘরে ফেরার আগে তিনি করেন ১৪ রান। অপরাজিত থাকেন ডু প্লেসিস (৬৩) ও রিলে রুশো (৪৫) ।
এর আগে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক করার স্বাদ পেলেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ কীর্তি অর্জন করেন রাবাদা।
দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা সামলাতে না পেরে ইনিংসের শুরুতেই চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। চতুর্থ ওভারে কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে যান তামিম ইকবাল (০)। পরের বলে ফারহাদ বেহারদিনকে ক্যাচ দেন লিটন দাস (০)। পরের বলে মাহমুদউল্লাহকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখান রাবাদা।
অষ্টম ওভারে সৌম্য সরকারকে ফেরান অভিষিক্ত পেসার রাবাদা (২৭)। মুশফিকুর রহিমকে বিদায় করে তার সঙ্গে সাকিব আল হাসানের ৫৩ রানের জুটি ভাঙেন জেপি দুমিনি। তার বলে উড়িয়ে সীমানা ছাড়া করতে গিয়ে ইমরান তাহিরের ক্যাচে পরিণত হন ২৪ রান করা মুশফিক।
টি-টোয়েন্টি সিরিজে দুই অঙ্কে পৌঁছাতে না পারা সাব্বির রহমান ছন্দে ফিরতে পারেননি ওয়ানডে সিরিজেও। ৫ রান করে ক্রিস মরিসের বলে বোল্ড হয়ে যান এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।
সাকিব আল হাসানকে (৪৮) ফিরিয়ে বাংলাদেশকে বড় একটা ধাক্কা দেন ইমরান তাহির। আউট হওয়ার পর রিভিউ নিয়েছিলেন সাকিব কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত তাতে বদলায়নি।
দ্বিতীয় স্পেলে ফিরে মাশরাফি বিন মুর্তজাকে কুইন্টন ডি ককের ক্যাচে পরিণত করেন রাবাদা। বাংলাদেশের অধিনায়ককে আউট করে নিজের পঞ্চম উইকেট নেন এ পেসার।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বৃষ্টির কারণে প্রায় পৌনে ৩ ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪০ ওভারে।
প্রথম পাওয়ার প্লে হবে প্রথম ৮ ওভার। নবম থেকে ৩২তম ওভার পর্যন্ত সর্বোচ্চ চার জন ফিল্ডার ৩০ গজের বৃত্তের বাইরে থাকতে পারবে, শেষ ৮ ওভার সর্বোচ্চ পাঁচ জন ফিল্ডার বৃত্তের বাইরে রাখা যাবে।
এদিকে, ভারত সিরিজের ৩টি ওয়ানডেতেই রিজার্ভ ডে ছিল। তবে প্রোটিয়াদের বিপক্ষে কোনো ম্যাচেই রিজার্ভ ডে রাখা হয়নি।
বৃষ্টি আর বাজে আবহাওয়ার কারণে ম্যাচ মাঠে না গড়ালে পরিত্যক্ত ঘোষণা করা হবে প্রথম ওয়ানডে।