দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের ওপর কোন চাপ থাকবে না বলে মনে করেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। দ্বিতীয় ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন তিনি।
এদিকে, দক্ষিণ আফ্রিকার মতো বড় দলকে সিরিজে হারাতে পারলে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটি অর্জন হিসেবে বিবেচিত হবে বলে মনে করেন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা।
সোমবার দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে তারা এ কথা বলেন।
রকিবুল হাসান বলেন, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিলো। দক্ষিণ আফ্রিকাকে সিরিজের দ্বিতীয় ম্যাচে হারিয়ে তা দুর হয়ে গেছে। তাই সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগাররা চাপমুক্ত হয়ে খেলতে পারবে।
শফিকুল হক হীরা বলেন, প্রথম ম্যাচের ভুলত্রুটিগুলো দ্বিতীয় ম্যাচে অনেকটাই শুধরে নিয়েছে বাংলাদেশ। এখন শেষ ম্যাচেও সে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব বলে মনে করেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। সেই সঙ্গে ব্যাটসম্যান আরো একটু দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।