সাত ম্যাচের সিরিজে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯'র বিপক্ষে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম ওয়ানডেতে ক্ষুদে টাইগারদের ৩৪ রানে হারিয়েছে তারা। তবে সিরিজে এখন পর্যন্ত ৩-২ এ এগিয়ে রয়েছে বাংলাদেশ। ১৭ জুলাই ষষ্ঠ ওয়ানডে মাঠে নামবে দুই দল।
মঙ্গলবার পঞ্চম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিঙের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ওপেনিঙ জুটি ভাঙেন আব্দুল হালিম। এরপর ৮৫ রানেই ৪ উইকেট হারায় প্রোটিয়া অনুর্ধ্ব ১৯।
তবে উইয়ান মালডার ও ডায়ান গ্যালেমের ৯৪ রানের জুটি সামলে নেয় দক্ষিণ আফ্রিকার ধস। জয়ের জন্য বাংলাদেশের ইয়াং টাইগাররা পায় ১৮৪ রানের টার্গেট।
তবে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের ইনিংসের। ৪৮ রানেই পাচ উইকেট হারিয়ে ব্যাক ফুটে চলে যায় মিরাজ বাহিনী। ম্যাচ বাঁচাতে যথেষ্ট ছিল না অধিনায়ক মিরাজের ৬৭ রান। ১৪৯ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ ম্যাচ হারে ৩৪ রানে।