পাল্লেকেলিতে ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো শ্রীলঙ্কা। পাকিস্তানের দেয়া ২৮৮ রানের টার্গেট ১১ বল হাতে রেখেই টপকে যায় লঙ্কানরা।
পাল্লেকেলিতে টস জিতে ব্যাট করতে নেমে ভালো সূচনা করেন পাকিস্তানের দুই ওপেনার আজহার আলী ও আহমেদ শেহজাদ। ৩০ রান করে শেহজাদের বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফেরেন মোহাম্মদ হাফিজ ও বাবর আজম। তবে চতুর্থ উইকেটে শোয়েব মালিকের সঙ্গে ৮৩ রানের জুটি গড়েন আজহার। মালিক ৫১ ও আজহার আলী করেন ৭৯ রান।
শেষদিকে মোহাম্মদ রিজওয়ানের ৫২ রানে ভর করে ৮ উইকেটে ২৮৭ রান তোলে পাকিস্তান। জবাব দিতে নেমে, ঝড়োগতিতে রান তুলতে থাকেন দুই লঙ্কান ওপেনার কুশাল পেরেরা ও তিলকারত্নে দিলশান। ৬৮ রান করে সাজঘরে ফেরেন পেরেরা।
তবে দিনেশ চান্দিমালের ৪৮ রানের হার না মানা ইনিংসে ২ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।