ম্যাচটি চ্যালেঞ্জিং হলেও, পারফমেন্সের ধারবাহিকতা ধরে রাখতে পারলে ম্যাচ জেতা সম্ভব বলে মনে করছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। বুধবার মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রথম টেস্টের মতো এ টেস্টেও প্রোটিয়াদের ওপর আধিপত্য বিস্তার করার পরিকল্পনা স্বাগতিকদের—উল্লেখ করে ঢাকা টেস্টে কোন পরিবর্তনের আভাস নেই, ৪ স্পিন শক্তি আর ২ পেস আক্রমণ নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা বলে জানালেন টাইগার দলপতি।
তবে, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ফলাফল নিজেদের ঘরে যাবে বলে মনে করেন প্রোটিয়া দলপতি হাশিম আমলা। তার মতে, শুরু থেকে যে দল চাপ প্রয়োগ করে খেলতে পারবে ম্যাচের ফলাফল যাবে তার ঘরেই।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামীকাল। দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষ থাকলে উদ্বেগ কাজ করাই স্বাভাবিক। কিন্তু টিম বাংলাদেশ শিবিরে, এবার অবস্থাটা একটু অন্যরকম। ওয়ানডে সিরিজ জয়ের পর চট্টগ্রামে প্রথম টেস্টে ছিলো টাইগারদের আধিপত্য। তাই শেষ টেস্টেও নিজেদের ওপর আস্থা অটুট বাংলাদেশ দলের।
টি-টোয়েন্টি সিরিজ জেতার পর একটি ওয়ানডে ম্যাচ জিতলেও সিরিজ হাতছাড়া হয় তাদের। এরপর আর কোন ম্যাচ জিততে পারেনি প্রোটিয়ারা। এ ম্যাচে কোন বাড়তি সিমার নেয়ার পরিকল্পনা নেই তাদের। ফলে অপরিবর্তিত থাকতে পারে সফরকারীদের একাদশ।