দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আসবে অস্ট্রেলিয়া। এ সফরে দুটি টেস্ট ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি একাদশের বিপক্ষে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে তারা। এ নিয়ে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ খেলবে এ দুই দল।
২৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছে পরের চারদিন মিরপুরের ন্যাশনাল ক্রিকেট একাডেমীতে অনুশীলন করবে টিম অস্ট্রেলিয়া। ৩ থেকে ৫ অক্টোবর, বিসিবি একাদশের বিপক্ষে তিনদিনের প্র্যাকটিস ম্যাচ খেলবে সফরকারীরা। ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
৬ অক্টোবর চট্টগ্রাম যাবে অস্ট্রেলিয়া। দুদিন অনুশীলনের পর ৯ তারিখ থেকে সিরিজের প্রথম টেস্টে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে টেস্ট র্যা ঙ্কিংয়ে দুই নম্বরে থাকা দলটি।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ১৭ অক্টোবর থেকে শুরু হবে ঢাকাতে। ২০০৬ সালের পর এই প্রথম টেস্ট খেলবে এ দুই দল।