চেলসি, আর্সেনাল জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করতে ব্যর্থ হলেও দুর্দান্ত জয় দিয়ে মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট ব্রমউইচ আলবিওনের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে সিটিজেনরা।
ম্যানসিটির হয়ে জোড়া গোল করেছেন ইয়া ইয়া তোরে এবং একটি গোল করেছেন ভিনসেন্ট কোম্পানি।
হাউথ্রনস স্টেডিয়ামে, ম্যাচের ৯ মিনিটেই ওয়েস্টব্রমউইচ আলবিওনের বিপক্ষে লিড নেয় ম্যানচেস্টার সিটি। জেসাস নাভাসের পাস থেকে গোল করেন আইভরিয়ান তারকা ইয়া ইয়া তোরে।
২২ মিনিটে স্কোরশিটে দ্বিতীয়বারের মত নাম লেখান তোরে। ২২ গজ দূর থেকে অসাধারণ এক গোল করে ব্যাগিদের সঙ্গে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
বিরতি থেকে ফিরে স্কোরলাইন ৩-০ করে সিটিজেনরা। ডেভিড সিলভার ক্রস থেকে হেডে দুর্দান্ত এক গোল করেন ভিন্সেন্ট কোম্পানি। বাকি সময়ে আর কোনো গোল না হলে, ব্যাগিদের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানুয়েল পেলিগ্রিনির শিষ্যরা।