সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মঙ্গলবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
প্রথমবারের মতো ফাইনালে খেলা স্বাগতিকরা চাইবে, শিরোপা দেশেই রেখে দিতে। অন্যদিকে ভারত চাইবে শিরোপা ধরে রাখতে। সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
এর আগে গত দুই আসরের শেষ চার থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। তবে এবার দৃশ্যপট ভিন্ন। প্রথম ম্যাচ থেকেই বাংলাদেশের কিশোররা জানান দিয়েছে, ঘরের মাঠে ছেড়ে বলা বলবে না তারা। যার প্রমাণও রেখেছে শাওনের দল। গ্রুপ পর্বের দুই ম্যাচ এবং সেমিফাইনালে জিতে এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত আছে স্বাগতিকরা।
এ আসরে এর আগে গ্রুপ পর্বেও ভারতের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। সেই লড়াইয়ে লাল-সবুজরা জিতেছিল ২-১ গোলে। তাই ফাইনালে মানসিকভাবে এগিয়ে থাকবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।
এদিকে, গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হারলেও টুর্নামেন্টের হট ফেবারিট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে তারা। আর শেষ চারের লড়াইয়ে নেপালকে ১-০ গোলে হারিয়ে উঠে ফাইনালে। শিরোপা ধরে রাখাই তাদের লক্ষ্য।
কার হাতে উঠবে সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন শিপের তৃতীয় আসরের শিরোপা. উত্তর পেতে অপেক্ষা করতে হবে ফাইনালের শেষ বাঁশি বাজা পর্যন্ত।