ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে ক্লাব ব্রুজকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যান ইউ)। জোড়া গোল করেছেন ডাচ উইঙ্গার মেম্ফিস ডিপে। ম্যানইউ'র অন্য গোলটি এসেছে মারুয়ান ফেলায়িনির হেড থেকে।
ওল্ট ট্রাফোর্ডে ম্যাচের আট মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মাইকেল ক্যারিকের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্লাব ব্রুজ। এরপরই ৩১ মিলিয়ন পাউন্ডে ম্যানইউতে আসা মেম্ফিস ডিপে ঝলক দেখানো শুরু করেন। ১৩ মিনিটে ২৫ গজ দূর থেকে করেছেন ম্যানইউ ক্যারিয়ারের প্রথম গোল।
হাফ টাইম শেষ হওয়ার মিনিট কয়েক আগে আবারও গোল করেছেন এ ডাচ উইঙ্গার। ক্লাবের হয়ে শেষ ৩০ টি গোলের সবগুলোই ডি বক্সের বাইরে থেকে করেছেন ২১ বছরের এ ফুটবলার।
৯০ মিনিটে মারুয়ান ফেলায়িনির গোলটিও বানিয়ে দিয়েছেন মেম্ফিস। এ গোলের মাধ্যমেই ৩-১ ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড।
প্লে অফের অন্য ম্যাচ গুলোতে জিতেছে ইটালিয়ান ক্লাব লাৎজিও, বেলারুশের ক্লাব বাতে বরিসভ ও পর্তুগালের স্পোর্টিং সিপি।