শুধু লাভের জন্য বিপিএলে আর দল কিনতে পারবে না কোন ফ্র্যাঞ্চাইজি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার দুপুরে বিপিএল গভার্নিং বডির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পাপন সাফ জানিয়ে দিয়েছেন, যারা ক্রিকেটিয় মনোভাব নিয়ে ক্রিকেটের উন্নয়ন ও পৃষ্ঠপোষকতার জন্য এগিয়ে আসবে, তাদেরকেই দল দেয়া হবে। আর এবারে আসরে দলের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে দেনা-পাওনা নিয়ে কোন ঝামেলা যেন না হয়, এজন্য এবার আগে ভাগেই ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে টাকা নিয়ে নেয়া হবে বলেও জানালেন বিসিবি সভাপতি।
আগের ৫ ফ্র্যাঞ্চাইজির কাছে প্রথম দুই আসরের বকেয়া প্রায় ৩৭ কোটি টাকা পাবে বিসিবি।
সদ্য বকেয়া পরিশোধ করা রংপুর রাইডার্সসহ ১২টি প্রতিষ্ঠান এবার দল কেনায় আগ্রহ প্রকাশ করেছে— উল্লেখ করে পাপন আরো বলেন, ২৭ আগস্টের মধ্যে ৫টি ফ্র্যাঞ্চাইজি বকেয়া পরিশোধ করলে তাদেরকে হয়তো যোগ করা হবে আগ্রহীদের সঙ্গে। সেক্ষেত্রে হয়তো বাড়তে পারে দলের সংখ্যা।
এবার ক্রিকেটার নির্বাচন করা হবে ‘প্লেয়ার বাই চয়েজ’ ভিত্তিতে। আর প্রতি দলে থাকতে পারবেন ৪ জন বিদেশি ক্রিকেটার।
এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি হিসেবে, শনিবার থেকে শুরু হয়েছে এলিট প্লেয়ারদের একমাসের কন্ডিশনিং ক্যাম্প। ডাক পাওয়া ২৭ জনের মধ্যে প্রথম দিন অংশ নিয়েছেন ২১ জন।
বিপিএলের শুরু ২০১২ সালে। ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর বসে ২০১৩ সালে। তবে ম্যাচ পাতানোর কেলেঙ্কারি ও খেলোয়াড়দের পাওনা টাকা আটকে রাখায় গত বছর তৃতীয় আসরটি আর হয়নি। এবার সব ঝামেলা চুকিয়ে বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি।