কলম্বোয় কুমার সাঙ্গাকারার বিদায়ী টেস্টে শ্রীলঙ্কাকে ২৭৮ রানে হারিয়েছে ভারত। শেষ দিনে ৪১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে, ১৩৪ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের দ্বিতীয় ইনিংস। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা আনলো সফরকারীরা। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন লোকেশ রাহুল।
কলম্বোর পি সারা ওভালে, ২ উইকেটে ৭২ রান নিয়ে শেষ দিনে মাঠে নামে শ্রীলঙ্কা। দিনের শুরুতেই উমেশ যাদবের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। দলীয় ৯১ রানে ফেরেন লাহিরু থিরিমান্নে। ভারতের বোলিং তোপে, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা।
শেষ পর্যন্ত ১৩৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। ৪২ রানে ৫ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বীন। কলম্বো টেস্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লঙ্কান গ্রেট ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। টেস্টে ৫৭ গড়ে তিনি করেছেন ১২ হাজার ৩৫০ রান।
সাদা পোশাকে ৩৮টি সেঞ্চুরি ও ৫২টি হাফ সেঞ্চুরি করেছেন সাঙ্গাকারা। আর বাংলাদেশের বিপক্ষে এই লঙ্কান গ্রেট খেলেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ৩১৯ রানের ইনিংস।