বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২৭ আগস্ট রাত ১টায় মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে। মঙ্গলবার দুপুরে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার আগে, মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন- এফ এ এমের আমন্ত্রণে ২৯ আগস্ট কুয়ালালামপুরে একটি প্রীতি ম্যাচ খেলবে মামুনুলরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ৩ সেপ্টেম্বর পার্থে।
মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে ৩০ আগস্ট পার্থে যাবে টিম বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর পার্থের এন আই বি স্টেডিয়ামে, রাশিয়া বিশ্বকাপ ২০১৮ ও এএফসি এশিয়া কাপ ২০১৯ এর অ্যাওয়ে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবেন মামুনুল, নাসির, এমিলিরা।
এ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে সেরাটা দিতে চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সকারুজদের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে পুরনো ভুল শুধরে লড়াই করাই কোচ ও খেলোয়াড়দের মূল লক্ষ্য।