ওয়েন রুনির হ্যাটট্রিকে বড় জয় পেল ম্যানচেস্টার উইনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে'র ফিরতি লেগে, ক্লাব ব্রুজকে ৪-০ গোলে হারিয়েছে তারা। দুই লেগে মিলিয়ে ৭-১ ব্যবধানে জিতে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জায়গা নিশ্চিত করলো তিন বারের চ্যাম্পিয়ন ম্যান ইউ।
প্রথম লেগে নিজেদের মাঠে ৩-১ গোলে জিতে, ইউরোপ সেরার মঞ্চে এক পা দিয়েই রেখেছিল ভ্যান গালের শীষ্যরা। বুধবার রাতে দ্বিতীয় লেগে, ম্যাচের ২০ মিনিটেই, রুনির গোলে এগিয়ে যায় ম্যান ইউ।
ক্লাবের হয়ে ১০ ম্যাচ পর গোল পান ম্যান ইউ অধিনায়ক। এরপর ৪৯ মিনিটে দ্বিতীয়বার এবং ৫৭ মিনিটে তৃতীয়বার বল জালে জড়িয়ে, হ্যাটট্রিক পূরণ করেন রুনি। ৬৩ মিনিটে হেরেরার গোলে, ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
২০১৩-১৪ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সপ্তম হওয়ায়, গতবার চ্যাম্পিয়ন্স লিগে খেলা হয়নি ম্যান ইউ'র।