শারীরিক প্রতিবন্ধীদের পাঁচ জাতির টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি -আইসিআরসি, বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, বিসিবি ও বিকেএসপির উদ্যোগে আয়োজিত এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে আশা করছেন আয়োজকরা।
২ সেপ্টেম্বর মিরপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম আসরের পর্দা উঠবে। বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ব্যাট-বলের লড়াই। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
প্রতিটি দল অন্য চারটি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলার পর, ১০ সেপ্টেম্বর হবে চূড়ান্ত লড়াই। উদ্বোধনী ম্যাচ ছাড়া বাকি খেলাগুলো হবে সাভারের বিকেএসপির তিন ও চার নম্বর গ্রাউন্ডে।
এদিকে, শুক্রবার থেকে টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছেন বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিমের ১৫ ক্রিকেটার ও রিজার্ভ বেঞ্চের তিন সদস্য।