ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট বিপিএলের তৃতীয় আসরে ৭টি দল খেলানোর পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বলে এক সূত্রে জানা গেছে। গত রোববার পাঁচটি দল নির্ধারিত সময়ে কাগজপত্র জমা দিয়েছে।
তবে আরও নতুন ২টি দলের অন্তর্ভূক্তির জন্য বিসিবির আগামী মাসের শুরুতেই অনুষ্ঠিত হতে যাওয়া সভায় সিদ্ধান্ত নেয়া হতে পারে।
নতুন ১১টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে মাত্র তিনটি এক কোটি টাকার পে অর্ডার ও সাড়ে ৪ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির কাগজ জমা দিয়েছে বিসিবিকে। পুরোনো দুটি ফ্র্যাঞ্চাইজি আই স্পোর্টস লিমিটেড ও রয়্যাল স্পোর্টিং লিমিটেডের সঙ্গে যোগ দিয়েছে তারা। বাকি ফ্র্যাঞ্চাইজিরা বিপিএলের হিসাব-নিকাষ ও পরিকল্পনা বুঝতে সময় নিচ্ছে। এদের মধ্যে থেকে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি পাওয়ার আশায় তাদেরকে কিছুটি সময় দিতে আগ্রহী বিসিবি।
সেপ্টেম্বরের শুরুর দিকে বৈঠক হওয়ার কথা রয়েছে ক্রিকেট বোর্ডের। সে সময়ই নতুন মালিকদের সময় দেয়া হবে কিনা সে সিদ্ধান্ত নেয়া হতে পারে।