ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস (আইসিআরসি) শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ ওভারে সাতটি উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে ইংলিশরা।
বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রান সংগ্রহ অব্যাহত রাখে টাইগাররা। আট উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১১৭ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ২২ রান করেন অপূর্ব কুমার পাল।
জবাবে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে শুরুতেই ব্রেক থ্রু এনে দেন বোলার রাসেল শিকদার। ওপেনার গার্ডন লেইটেল দলীয় ২ রানের সময় আউট হন। ৪২ রানে এলবিডব্লিউ হন গুডউইন।
বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ক্রিজে থিতু হতে পারেননি শক্তিশালী ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৭ উইকেট খুইয়ে ১০৩ রান সংগ্রহ করে থ্রি লায়নরা।
দিনের আরেক ম্যাচে, আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান।