ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস (আইসিআরসি) শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তানের কাছে ডি এল মেথডে ২০ রানে হেরেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে ৫ জাতির টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেলো পাকিস্তান।
সাভারের বিকেএসপির ৪ নম্বর গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে অভিজ্ঞ পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।
দলীয় ৫০ রানের মধ্যে আরো ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে লাল-সবুজরা। মাঝে আলম খানকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়েন আমিন উদ্দিন। শেষ পর্যন্ত ১১২ রানে অলআউট হয় বাংলাদেশ।
স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৩৩ রান সংগ্রহ করেন আমিন উদ্দিন। জবাবে, শুরুতেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। তবে, রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার হাসনাইন। ৬ ওভার শেষে ১ উইকেটে ৪৮ রান করে পাকিস্তান।
পরে বৃষ্টির কারণে খেলা আর মাঠে না গড়ালে, ডি এল মেথডে বাংলাদেশকে ২০ রানে হারায় পাকিস্তান।