প্রথম দল হিসেবে ২০১৬ ইউরো কাপ ফুটবলের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে ইংল্যান্ড। ২০১৬ ইউরো বাছাইয়ে ই-গ্রুপের ম্যাচে সান ম্যারিনোকে ০-৬ গোলে হারিয়েছে ইংলিশরা। এদিকে, সি-গ্রুপের ম্যাচে স্লোভাকিয়াকে ২-০ গোলে পরাস্ত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন।
এছাড়াও দিনের অন্য ম্যাচগুলোতে জয় পেয়েছে লাক্সেমবার্গ, ইউক্রেন, এস্তোনিয়া, সুইজারল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া ও মন্টেনেগ্রো।
সান ম্যারিনোর মাঠে ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন ইংলিশ অধিনায়ক ওয়েইন রুনি। ইংল্যান্ডের অন্যতম সেরা ফুটবলার স্যার ববি চার্লটনের ৪৯টি আন্তর্জাতিক গোলের রেকর্ড স্পর্শ করেন তিনি। আর একটি গোল করলেই রুনি হবেন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এরপর ক্রিশ্চিয়ান ব্রলির আত্মঘাতী গোলে বিরতির আগেই ২-০ তে পিছিয়ে পরে সান ম্যারিনো।
দ্বিতীয়ার্ধে গোল উৎসবে মেতে ওঠে ইংলিশরা। ম্যারিনোর জালে একে একে বল পাঠান রস বার্কলে, থিও ওয়ালকট ও হ্যারি কেইন। জোড়া গোল করেন ওয়ালকট। ৬-০ গোলে জেতে ইংল্যান্ড।
এদিকে সি-গ্রুপের ম্যাচে, জর্ডি আলবার হেডে ও আন্দ্রেস ইনিয়েস্তার পেনাল্টিতে, স্লোভাকিয়াকে ২-০ গোলে হারিয়েছে স্পেন।