আর্ন্তজাতিক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। আরেক প্রীতি ম্যাচে লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলে মেক্সিকোর সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে আর্জেন্টিনা।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন না সুপারস্টার নেইমার। তাকে ছাড়াই ব্রাজিল লিড পায় ম্যাচের নবম মিনিটে। লক্ষ্যভেদ করেন হাল্ক।
তবে প্রথমার্ধে না খেললেও দ্বিতীয়ার্ধের পুরোটাই খেলেছেন নেইমার। ৫১ মিনিটে আদায় করে নেন পেনাল্টি। স্পট কিক থেকে করেছেন ম্যাচে নিজের প্রথম গোল। ৬৪ মিনিটে গোলরক্ষকসহ চারজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে করেন আরও একটি দর্শনীয় গোল। ৬৭ মিনিটে ব্রাজিলের চতুর্থ গোলের মালিক রাফিনিয়া। ৯০ মিনিটে যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোল করেছেন ড্যানিয়েল উইলিয়ামস।
অন্য ম্যাচে মেক্সিকান ফরোয়ার্ড হার্নান্দেজ ও হেরেরার গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। এরপর ৮৫ ও ৮৯ মিনিটে অ্যাগুয়েরো ও লিওনেল মেসি গোল করলে ড্র নিয়ে মাঠ ছাড়ে আলবি সেলেস্তেরা।