বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইতালির ফ্যাবিও লোপেজ। এদিকে, খন্ডকালীন চুক্তির মেয়াদ শেষে বৃহস্পতিবার সকালে নেদারল্যান্ডসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আগের কোচ লোডউইক ডি ক্রুইফ।
বুধবার রাতে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে দায়িত্ব থেকে সরে দাঁড়ান লোডউইক। তবে, এখনই স্থায়ী নিয়োগ পাচ্ছেন না লোপেজ।
এই ইতালিয়ান কোচ ও তার ২ সহকারী কন্সটান্টিনো জুকারিনি ও অ্যাঞ্জেলো পাভিয়াকে আপাতত চার মাসের জন্য জাতীয় দলের দায়িত্ব দিয়েছে বাফুফে। ইতালিয়ান ক্লাব এ এস রোমার একাডেমিতে কোচিং ও ফিওরেন্তিনার হয়ে ফুটবল প্রতিভা খোঁজার অভিজ্ঞতা আছে ফ্যাবিও লোপেজের।
এর আগে দুই বছরের চুক্তিতে ২০১৩ সালে বাংলাদেশ ফুটবলের হেড কোচ হয়েছিলেন লোডউইক ডি ক্রুইফ। মেয়াদ শেষে অ্যাসাইনমেন্ট ভিত্তিতে মামুনুলদের দায়িত্বে ছিলেন।
বুধবার রাতে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে দায়িত্ব থেকে সরে দাঁড়ান লোডউইক। বাংলাদেশ জাতীয় ফুটবল দল তার অধীনে ১৮টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ৯টিতে হার, ৬টি ড্র ও ৩ টি ম্যাচ জিতেছে বাংলাদেশ।