ইনজুরির কারণে আসন্ন বাংলাদেশ সফরে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ও ওপেনার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের ইনজুরি ও ক্রিস রজার্সের অবসরের কারণে বাংলাদেশ সফরে নতুন উদ্বোধনী জুটি দেখা যাবে অস্ট্রেলিয়া দলে।
লর্ডসে, ইংল্যান্ডের সঙ্গে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময়, স্টিভেন ফিনের বাউন্সারে বাম হাতে চোট পান ডেভিড ওয়ার্নার। এতে বুড়ো আঙ্গুলের হাড়ে ফ্র্যাকচার হয় তার।
ওয়ার্নারের খেলায় ফিরতে কমপক্ষে ৬ সপ্তাহের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাহী মহাব্যবস্থাপক প্যাট হাওয়ার্ড।
এর ফলে, আসন্ন বাংলাদেশ সফরে আসতে পারছেন না ডেভিড ওয়ার্নার। তার পরিবর্তে নতুন সহ-অধিনায়ক নিয়োগ দিতে হবে অস্ট্রেলিয়াকে।
২৮ সেপ্টেম্বর, ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দল। ৯ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।